ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে টানা ১৪ দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা সোমবার (২৭ অক্টোবর) রাজধানীতে লং মার্চের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে সারাদেশে সব ইবতেদায়ী মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম। এ সময় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
শামসুল আলম বলেন, “আগামীকাল দুপুর ১২টায় আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পর্যন্ত লং মার্চ করবো। সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন না দেয়, তবে সারাদেশে ইবতেদায়ী মাদ্রাসার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”
ইবতেদায়ী শিক্ষকরা গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ব্যানার–ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন—
“ইবতেদায়ী শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?”, “চাকরি আছে, বেতন নাই, এমন দেশ নাই”, “বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক” ইত্যাদি।
আন্দোলনকারীরা জানান, ৪০ বছর ধরে তাঁরা অবহেলিত। এরশাদ আমলে দেওয়া ৫০০ টাকার ভাতা আজও বড় অংশের একমাত্র প্রাপ্তি। প্রাইমারি শিক্ষকদের মতো তাদেরও জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। নয় মাস পেরিয়ে গেলেও সরকারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
তাঁরা বলেন, “আমরা ভিক্ষুকের মতো বেঁচে আছি। সরকার এখনই জাতীয়করণের প্রজ্ঞাপন না দিলে, এই আন্দোলন কেবল শিক্ষকদের নয়, বরং অভিভাবক ও জনগণের আন্দোলনে পরিণত হবে।”
শিক্ষকরা আরও কয়েকটি দাবি তুলে ধরেন—
সব অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ,যাচাই–বাছাইকৃত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের এমপিও অনুমোদন,প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি,এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে আন্দোলনে নামলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক আশ্বাস দিয়েছিলেন যে, “সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।” সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ শিক্ষকদের।