রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নিহতের দাফন ও কাফনের সব খরচও সরকার বহন করবে।
রবিবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান,এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম,ডিএমটিসিএল লাইন–৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব,এবং উপসচিব আসফিয়া সুলতানা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে বুয়েট ও এমআইএসটি–এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দুর্ঘটনার কারিগরি ও প্রকৌশলগত দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা যায়।
এছাড়া, কমিটি গত ১৮ সেপ্টেম্বরের পূর্ববর্তী দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করবে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এবং ডিএমটিসিএলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জিহাদজাবির/টিঅমা