প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্থগিত: মেসিকে দেখতে অপেক্ষায় ভক্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫

ভারতে লিওনেল মেসিকে মাঠে দেখার যে অপেক্ষায় ছিল লাখো ফুটবলপ্রেমী, সেই আশায় আপাতত ভাটা পড়ল। আগামী ১৭ নভেম্বর ভারতের কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি ফিফার অনুমোদন জটিলতার কারণে স্থগিত করা হয়েছে।

ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানিয়েছেন, ফিফার অনুমোদন দেরিতে আসায় নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল নয়—আগামী আন্তর্জাতিক উইন্ডোতে নতুন তারিখে আয়োজনের পরিকল্পনা রয়েছে। “আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আমরা ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। কেরালায় আয়োজিত এ ম্যাচটি পরবর্তী উইন্ডোতে হবে, এর আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে,”বলেন অ্যান্টো অগাস্টিন।

অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, নভেম্বর মাসে কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল স্পেনে অনুশীলন ক্যাম্পে অংশ নেবে। এরপর তারা ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ শেষে দলটি দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।

তবে, আর্জেন্টিনা দলের ভারত সফর স্থগিত হলেও লিওনেল মেসি ব্যক্তিগতভাবে তাঁর পূর্বনির্ধারিত সময়েই ভারত সফর করবেন বলে সূত্রে জানা গেছে।

ফলে ভারত ও বাংলাদেশি সমর্থকদের জন্য মেসিকে কাছ থেকে দেখার প্রতীক্ষা আরও কিছুটা দীর্ঘ হলো, তবে আশার কথা—এ ম্যাচ বাতিল নয়, কেবল সময়ের অপেক্ষা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা