আইন শুধু নিয়মের বই নয়, এটি জাতির নৈতিক বিবেক ও ন্যায়ের প্রতীক, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর অন্যায় প্রতিষ্ঠা পেলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ধ্বংসের মুখে পড়ে।
শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, “যখন রাষ্ট্র তার নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়, তখন ন্যায়ের জন্য লড়াই শুধু দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যে পরিণত হয়।” তিনি আরও বলেন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা মানবতাকে নতুন নৈতিক চেতনার পথে নিয়ে গেছে, যা অন্যায়ের বিরুদ্ধে মানুষের আশা জাগিয়েছে।
স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তিনি বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ—উভয়ই ছিল ন্যায়, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার আন্দোলন।”
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিচার বিভাগের কাঠামোগত ও প্রশাসনিক সংস্কারের জন্য একটি ‘রোডম্যাপ’ ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হলো পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, যা হবে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতার মাইলফলক।
তিনি সতর্ক করে বলেন, “১৫ মাসের নিরলস প্রচেষ্টায় গড়ে তোলা এই প্রাতিষ্ঠানিক ভিত্তিকে দুর্বল করে দিতে পারে কোনো ধরনের অবিশ্বাস বা একতরফা পদক্ষেপ। বিচার বিভাগের স্থায়ী স্বাধীনতা রক্ষায় পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা অপরিহার্য।”
আইন শিক্ষার্থী ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি আহ্বান জানান, “আইন কেবল পেশা নয়, এটি ন্যায়ের সাধনা। প্রত্যেক আইনের পেছনে আছে একটি জীবন, আর প্রতিটি রায়ের পেছনে একটি ভাগ্য।”
তিনি আরও বলেন, “আমাদের বিচার ব্যবস্থা এখনো ঔপনিবেশিক কাঠামোর উত্তরাধিকার বহন করছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা-নির্ভর সিদ্ধান্ত ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে আধুনিক বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবদান স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, “এই বিশ্ববিদ্যালয় অসংখ্য গুণী আইনবিদ উপহার দিয়েছে। আমি বিশ্বাস করি, এখান থেকে আরও মানবিক ও নৈতিকভাবে আলোকিত আইনজ্ঞরা বেরিয়ে আসবেন।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, “আইন সমাজ, রাষ্ট্র ও মানুষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। কিন্তু মানুষের আচরণ প্রায়ই অনির্দেশ্য—তাই আইনের শাসনই ন্যায়ের শেষ ভরসা।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি এস.এ.সহ অন্যান্য বিচারপতি, শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।