প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“নির্বাচন হবে বাংলাদেশের পরিবর্তনের নির্বাচন”— মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, আওয়ামী লীগের অতীত ‘বাকশালী ও ফ্যাসিবাদী’ রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্বই আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মো. শাহীন আলম।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে খালেদা জিয়া এখনও জেলে থাকতেন, আর জামায়াত নিষিদ্ধ দলের মতো চোরা রাজনীতি চালাত। দুই বড় দলের আচরণে হতাশ না হয়ে উপায় নেই।”

তিনি আরও বলেন, “পুরোনো রাজনীতি মানে প্রতিশোধ, প্রতিহিংসা ও ক্ষমতার দ্বন্দ্ব। জনগণের ক্ষোভের মধ্যেই ২০২৪ সালের গণবিস্ফোরণ ঘটেছে। তাই আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের নয়, বরং নিয়ম ও ইতিহাস বদলের নির্বাচন হতে হবে। তাহলেই দেশের মুক্তি আসবে।”

অধিকন্তু তিনি উল্লেখ করেন, শহীদদের ত্যাগের ফলে দেশ ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত হলেও এখনও দুর্নীতি, টেন্ডারবাজি ও মৌলিক অধিকারহীনতার সমস্যা রয়ে গেছে। মজিবুর রহমান মঞ্জু আগামী নির্বাচনকে ‘বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন’ হিসেবে রূপ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, কেন্দ্রীয় নেতা আজাদুল ইসলাম আজাদ, রাশেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব নাজমুস সায়াদাত উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা