আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “নির্বাচনের আগে জোট গঠনের বিষয়ে কয়েকটি দলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত জোট কোন অবস্থানে গিয়ে দাঁড়ায়, তা দেখতে আরও কিছুটা সময় লাগবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে জোটবদ্ধ হওয়া না হওয়া—এগুলো রাজনীতির মাঠে সময় অনুযায়ী নির্ধারিত হবে।”
তিনি জানান, বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আসন বণ্টন ও মনোনয়ন নির্ধারণ করা হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে।
জাতীয় সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করছি। এটি কোনো ক্ষমতা ভাগাভাগির বিষয় নয়, বরং দেশ পুনর্গঠনের উদ্যোগ।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছি। ইতোমধ্যে প্রায় ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষের দিকে।”
খালেদা জিয়ার নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নেবেন। আমরা অবশ্যই চাই তিনি নির্বাচনে অংশ নিন।”
এছাড়া তিনি জানান, নির্বাচনী ইশতেহারের কাজ দ্রুতগতিতে চলছে, যা তফসিল ঘোষণার পর প্রকাশ করা হবে। একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটের বিষয়েও বিএনপি সম্মত হয়েছে, যেন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ নির্বাচিত হতে না পারে।
জাতীয় পার্টি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা চাইলে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারে। আওয়ামী লীগ ছাড়া না গেলে সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।”