জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন স্পষ্ট করে জানিয়েছেন, “ধানের শীষ প্রতীকে সরিষাবাড়ী আসনে কেবল শামীম তালুকদারকেই প্রার্থী হিসেবে গ্রহণ করা হবে—অন্য কাউকে দিলে তা মানা হবে না।”
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
শাহীন বলেন, “সরিষাবাড়ীতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ১০ মিনিটও টিকতে পারবে না। যদি শামীম তালুকদারের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমরা হরতাল-অবরোধের মাধ্যমে পুরো এলাকা অচল করে দেব।”
সমাবেশটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “সরিষাবাড়ী বিএনপি ঐক্যবদ্ধ। জনগণের মনোনয়ন একটাই—ফরিদুল কবীর তালুকদার শামীম। তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তা হবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”