জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি মনোনয়নপ্রত্যাশী সালিমা তালুকদার আরুণীর পক্ষে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
“নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই প্রতিপাদ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এসব পথসভা আয়োজন করা হয়।
বিএনপি নেতা ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী ১৪০-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশী।
দিনব্যাপী আয়োজিত পথসভাগুলোতে আওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, ফাল্গুনী আক্তার, রুবেল, ফারুক, লাল চান, জহুরুল ইসলাম, এরশাদ, হিরা মিয়া, বাবু, মজনু, হুমায়ুনসহ স্থানীয় নেতাকর্মীরা নেতৃত্ব দেন। পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখা গেছে।
আওনা ইউনিয়নের প্রধান পথসভায় সভাপতিত্ব করেন আলহাজ হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ। বক্তব্য রাখেন সমাজসেবক আমিনুল ইসলাম, ফেরদৌস আলী, মামুন মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ।
বক্তারা বলেন, প্রয়াত নেতা আব্দুস সালাম তালুকদারের আদর্শ ও উন্নয়নধারা এগিয়ে নিতে আরুণীকে সংসদে পাঠানো জরুরি। তারা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।