প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাসের চাপায় অটোরিকশার চালকসহ নিহত তিন

নরসিংদী প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে ও অটোরিকশার চালক ফাহিম মিয়া (৩০)। তিনজনই নরসিংদীর মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারা অটোরিকশায় করে মাধবদী থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে রাইনাদী এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিয়াম মারা যান। গুরুতর আহত অবস্থায় ফাহিম ও সাব্বিরকে ঢাকায় নেওয়ার পথে দুজনই মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, নিহত তিনজনের মধ্যে সিয়াম অবিবাহিত ছিলেন, বাকি দুজন বিবাহিত। অটোরিকশা চালক ফাহিমের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার বাদ জুমা স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তিনজনকে দাফন করা হয়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরও দুজন মারা গেছেন। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা