রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে। এতে বংশাল থানা এনসিপির এক কর্মী ইউসুফ আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা শাখার সমন্বয় সভা চলছিল। একই সময়ে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা এনসিপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন। এ বিষয়ে অভিযোগ জানানো হলে মহানগর উত্তরের এক নেতা শোয়েব দায়িত্ব দেন মোহাম্মদপুর থানা এনসিপির রিয়ানকে। অভিযোগ রয়েছে, রিয়ান বংশাল নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন।
এরপর থেকে টাকার হিসাব চাওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।