প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্ত্রীর নাম ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

স্ত্রীর নাম মোবাইলে ‘মোটু’ বা ‘তোম্বিক’ নামে সেভ করার জেরে ডিভোর্সের ঘটনা ঘটেছে তুরস্কে। আদালত রায়ে বলেছেন, এমন শব্দ ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে অপমানিত করেছে এবং তা বিবাহের জন্য ক্ষতিকর আচরণ হিসেবে গণ্য হবে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম তুরস্কের উশাক প্রদেশে। তুর্কি ভাষায় ‘তোম্বিক’ শব্দের অর্থ ‘মোটু’ বা ‘গুলুমুলু’। স্ত্রী জানান, স্বামী বারবার তাকে অবমাননাকর বার্তা পাঠাতেন, যেমন—‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ বা ‘তোমার মুখ শয়তানকে দেখাও’। এছাড়া তিনি স্ত্রীর কাছ থেকে বাবার চিকিৎসার খরচ বাবদ টাকা দাবি করেন, যা মানসিক চাপের সৃষ্টি করে।

এই সবকিছুর পাশাপাশি স্বামীর মোবাইলে নিজের নাম ‘তোম্বিক’ হিসেবে সংরক্ষিত দেখতে পেয়ে স্ত্রী অপমানবোধ করেন। আদালতে তিনি বলেন, এই শব্দ তার প্রতি অসম্মান এবং সম্পর্ক ভাঙনের মূল কারণ। আদালতও একমত হয়ে রায় দেয়—স্বামীর এই আচরণ ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’র মধ্যে পড়ে।

স্বামী পাল্টা অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার মামলা করলেও তদন্তে তার প্রমাণ মেলেনি। বরং দেখা যায়, যাকে তিনি সন্দেহ করেছিলেন, তিনি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন।

শেষ পর্যন্ত আদালত স্ত্রীর পক্ষে রায় দেন এবং স্বামীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করা হয়নি।

তুর্কি আইনে কারও মর্যাদা বা সম্মানহানিকর ভাষা ব্যবহারের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে—কেউ রায়কে ন্যায্য বলছেন, আবার কেউ বলছেন, ‘মোটু’ নামটা আদর করে বলা হলেও তা অপমানজনক মনে হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা