নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বড় মঞ্চে নামার আগে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি যাচাই করছে লাল-সবুজের মেয়েরা।
দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে।
সাড়ে তিন মাস পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ তারা গত জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের জয়ে মাঠ কাঁপিয়েছিল। এরপর থেকে কোরিয়ান ইপিজেডে প্রায় এক মাসের অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরিয়েছে সাগরিকা, আফঈদা, ঋতুপর্ণারা। মঙ্গলবার থাইল্যান্ডে পৌঁছে দলটি বুধবার দুটি অনুশীলন সেশনে অংশ নেয়।
গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল থাইল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় বলেন,“মেয়েরা এখন দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কোচিং স্টাফ হিসেবে আমরা তাদের সর্বোচ্চটা দিতে কাজ করছি। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোতে সবাই মনোযোগী।”
ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ড ৫৭তম আর বাংলাদেশ ১০৪তম স্থানে থাকলেও, সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ এখন অনেক বেশি পরিণত দল।
২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের পরাজয়ের স্মৃতি ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে পিটার বাটলারের শিষ্যরা।
যদিও আজকের ম্যাচ প্রস্তুতি পর্বের অংশ, তবুও লক্ষ্য স্পষ্ট—জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো এবং এএফসি এশিয়ান কাপের আগে নিজেদের আরও শক্তভাবে তৈরি করা।