গাজীপুরের টঙ্গীতে এক ইমাম অপহরণ ও হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন—“ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী”, “জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”—ইত্যাদি।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন,“ইসকন এখন ধর্মীয় সংগঠন নয়, এটি হিন্দুত্ববাদী রাজনীতির আড়ালে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশে পরিণত হয়েছে। বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ, বাংলাদেশেও তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।”
জবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন,“ইসকন ধর্মীয় আড়ালে রাজনৈতিক স্বার্থে কাজ করছে। তাদের বিদেশি অর্থায়ন ও কার্যক্রমের উদ্দেশ্য প্রকাশ্যে আনতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,“জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম ইন্টেরিম সরকার জঙ্গিবাদ দমন করবে, কিন্তু ইসকনের কার্যক্রম এখনো বন্ধ হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”
আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম আরিফ অভিযোগ করে বলেন,ইসকন শুধু ধর্মীয় নয়, এটি মানবাধিকার ও নৈতিকতারও পরিপন্থী সংগঠন। অনেক দেশে শিশু নির্যাতন ও ধর্মীয় বিভাজনের দায়ে তারা অভিযুক্ত।”
সমাবেশে বক্তারা দাবি করেন, ইসকনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই অবিলম্বে সরকারকে আইন করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানান তারা।