প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারের নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রায় ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তারা ভোটকেন্দ্রের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করবে।

বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,“এবার ভোটকেন্দ্রে সম্পূর্ণ প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানো হচ্ছে। তারা সদরদপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবে। ফলে নিরপেক্ষ দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনের দিন আনসার সদস্যরা জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো আনসার বাহিনীতে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হচ্ছে। প্রতিটি সদস্যের তথ্য একটি সফটওয়্যারে সংরক্ষিত থাকবে—যেখানে তাদের এনআইডি নম্বর, কিউআর কোড এবং দায়িত্ব সংক্রান্ত তথ্য একীভূতভাবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে দায়িত্ব পালনের দক্ষতা, অবস্থান ও আচরণ রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে।

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, “গত বছরের ৬ আগস্ট থেকে আনসার সদস্যদের জন্য লিডারশিপ ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং ও ইয়ুথ লিডারশিপ ট্রেনিংসহ বিভিন্ন মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পর ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও আচরণবিধি নিয়ে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে।”

তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সদস্যদের ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় মোতায়েন করা হবে। গত বছর প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা