প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ধারাবাহিকতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

আলোচনায় এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আগামী ২৭ অক্টোবর ঢাকায় নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠককে স্বাগত জানান তাঁরা।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করার ক্ষেত্রে দুই দেশই ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

এ সময় উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি— এসব খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানি হাইকমিশনারকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা