জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, প্রায় ৩৬ বছর আগে জামায়াত গণতন্ত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকারের একটি ফর্মুলা দিয়েছিল। সেই ফর্মুলায় তিনটি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। আজও দেশের সব মহল মনে করছে—এই ফর্মুলাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য ব্যবস্থা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, “বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের একমাত্র উপায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট আয়োজন। এই ব্যবস্থা বাতিল করা হয়েছিল একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক নকশার অংশ হিসেবে। সংসদীয় কমিটিও তখন এর বিরোধিতা করেছিল, কিন্তু এক ব্যক্তির সিদ্ধান্তে সেটি বাদ দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির ফলে দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার সবাই এর প্রয়োজনীয়তা অনুভব করছে। গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বিবেচনা জরুরি।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। পরবর্তীতে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়। ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নাগরিক সমাজের প্রতিনিধি বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি।