প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জোটের প্রার্থীরাও লড়বেন নিজ দলের প্রতীকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন—তাদের নিয়োগে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত সব ধারা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এ বিধানও যুক্ত করা হয়েছে।

প্রার্থীদের জন্য নতুন আরেকটি বাধ্যবাধকতা হলো—তাদের দেশি-বিদেশি সব আয় ও সম্পদের বিবরণ এফিডেভিটের মাধ্যমে দিতে হবে, যা অনলাইনে প্রকাশ করা হবে। এছাড়া জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরপিও সংশোধনে ‘না ভোটের’ ব্যবস্থাও ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ, কোনো আসনে একজন প্রার্থী থাকলেও ভোটাররা সেখানে ‘না ভোট’ দিতে পারবেন। আর কোনো আসনে অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট স্থগিত করার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা