প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচে কোনো লড়াইয়ের সুযোগই দেয়নি টাইগাররা। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে ১৭৯ রানের বিশাল জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মেহেদি হাসান মিরাজের দল।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন সৌম্য সরকার, আর ওপেনার সাইফ হাসান যোগ করেন ৮০ রান।
জবাবে ব্যাটে নেমে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই স্পিন আক্রমণে চাপ তৈরি করে টাইগাররা। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট—আথানজে, অগাস্টে ও কিংকে ফেরান তিনি।
এছাড়া রিশাদ হোসেনও তিনটি উইকেট দখল করেন, আর মিরাজ ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট। প্রতিপক্ষের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি—ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান ছিল আকিল হোসেনের ২৭।
এর আগে ইনিংসের শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার সৌম্য ও সাইফ। উদ্বোধনী জুটিতে আসে ১৭৬ রান। ৪৬ বলেই পঞ্চাশ ছোঁয় সৌম্য, আর সাইফের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি আসে ৪৪ বলে।
দারুণ শুরুর পরও সেঞ্চুরির আক্ষেপ রয়ে যায় সৌম্যর—৮৬ বলে ৯১ রানে ফেরেন তিনি। সাইফ আউট হন ৭২ বলে ৮০ রানে।
মিডল অর্ডারে শান্ত (৪৪), হৃদয় (২৮) ও মিরাজ (১৭) কিছুটা অবদান রাখলেও ইনিংসের গতি কমে যায়। শেষ দিকে নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ রান করে দলের সংগ্রহকে ২৯৬ রানে পৌঁছে দেন।
বাংলাদেশের দাপুটে বোলিংয়ে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে মিরাজের নেতৃত্বে টাইগাররা ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।