নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় সড়ক উন্নয়ন কাজ চলছে চরম অব্যবস্থাপনা ও অবহেলার মধ্য দিয়ে। রাস্তার মাঝখানে ছয়টি বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঢালাই কাজ, ফলে প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ও পথচারীরা।
বীরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে শংকর সাহার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তা উন্নয়ন করছে নরসিংদী পৌরসভা। তবে কাজ শুরু হলেও সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ না করায় মানুষের ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার মাঝখানে খুঁটি রেখে উন্নয়ন—এ কেমন উন্নয়ন! রাতে আলো কম থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে, দায় নেবে কে?”
অন্য বাসিন্দা হাসিনা বেগম বলেন, “এই রাস্তা দিয়েই বাচ্চারা স্কুলে যায়। প্রতিদিন ভয় লাগে—কখন কী হয়! খুঁটি না সরালে এই উন্নয়ন অর্থহীন।”
অটোচালক সুহেল মিয়া জানান, “ঢালাই করা রাস্তার মাঝখানে খুঁটি থাকায় অটোরিকশা চালাতে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, “খুঁটিগুলো সরানোর জন্য পল্লীবিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
এলাকাবাসীর দাবি—দায়িত্বহীনতার কারণে উন্নয়ন কাজ মানুষের জন্য ভোগান্তিতে পরিণত হয়েছে, তাই দ্রুত খুঁটি অপসারণ করে সড়কটিকে নিরাপদ করা জরুরি।