প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“দেশের কল্যাণে কাজ করেছে বিএনপি, অথচ আজ ভিলেন বানানো হচ্ছে”— মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “দেশের কল্যাণে যেসব বড় কাজ হয়েছে, তার অধিকাংশই বিএনপির হাত ধরে হয়েছে। অথচ আজ একই দলকেই জনগণের কাছে ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে এখন দরকার একটি নির্বাচিত ও প্রকৃত জনগণের সরকার। কিন্তু কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।”

জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং মানুষের হৃদয়ে পৌঁছাতে জানতেন। অথচ তার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। কিন্তু ক্ষণজন্মা মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না — জিয়াউর রহমান তার জীবন্ত প্রমাণ।”

তিনি আরও যোগ করেন, “তারেক রহমান শহীদ জিয়ার আদর্শের ধারাবাহিকতা ধরে রেখে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা