বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “জামায়াত মানেই হচ্ছে ঝামেলা। তারা এ দেশের ইসলামের জন্য কোনো অবদান রাখেনি, বরং সবসময় রাজনৈতিক সুবিধা নিতে ধর্মের অপব্যবহার করেছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একসময় জামায়াত স্বৈরাচার এরশাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। পরবর্তীতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে। এখন আবার অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।”
মীর সরফত আলী সপু আরও বলেন, “বিএনপি জনগণের দল— দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে আমরা মাঠে আছি। কিন্তু জামায়াত সবসময় ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।