প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

ইয়াছিন মোল্লা
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বির।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় বিষয়টি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়ার নজরে এলে তিনি তার কয়েকজন অনুসারীকে নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে সাব্বির গুরুতর আহত হন।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)।এক বিবৃতিতে সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন,“সাংবাদিকদের ওপর হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ঘটনার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,“আমি বিষয়টি খতিয়ে দেখছি, অভিযুক্তদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর কিছুক্ষণ পরই কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত নেতা রাজু মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
ছাত্রদলের সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়—“সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থেকে দিতে হবে।”

উল্লেখ্য, নোটিশটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নির্দেশনার ভিত্তিতে জারি করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা