গত ১২ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। একদিনের লেনদেনে প্রতি আউন্স সোনার দাম ৬.৩ শতাংশ কমে ৪ হাজার ডলারের কাছাকাছি নেমেছে, বুধবার (২২ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমস এ প্রতিবেদনে জানিয়েছে।
চলতি বছর সোনার দাম ইতোমধ্যেই ৫৫ থেকে ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে সোনার পাশাপাশি রুপার দামও কমেছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, প্রযুক্তিগত সংশোধন, ডলারের শক্তিশালী অবস্থান, ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সম্ভাবনার কারণে সোনার দাম হ্রাস পেয়েছে।
ডিসেম্বরের ডেলিভারির গোল্ড ফিউচারের দাম ২৯.৯০ ডলার বা ০.৭৩ শতাংশ কমেছে। স্পট সোনার দামও অনুরূপভাবে কমেছে।
চলতি বছর সোনার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে, যা ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঘোষণা বিনিয়োগকারীদের শঙ্কা কমিয়েছে, যা সোনার দরপতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাধারণত, বাণিজ্যিক উদ্বেগ, যুদ্ধ-বিগ্রহ এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদহার সোনার বাজারকে প্রভাবিত করে। যখন বাণিজ্যিক ঝুঁকি দেখা দেয়, বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেন, যা স্বাভাবিকভাবে সোনার দামের বৃদ্ধি ঘটায়।