জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে নভেম্বরের শেষের দিকে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সনদটির আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করা। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এই বিষয়ে সরকারের নির্বাহী আদেশ জারির প্রস্তাবও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।”
বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি গণভোটে সম্মত হলেও নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়ে বিষয়টিকে জটিল করছে। মূলত তারা গণভোটে রাজি হয়নি, জনমতের চাপে বাধ্য হয়েছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট অনুষ্ঠিত হোক, তারপর জাতীয় নির্বাচন আয়োজন করা যাক।”
তিনি আরও বলেন, “নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে আইনগত জটিলতা তৈরি হবে। তাই দেশের কল্যাণে কিছু অতিরিক্ত ব্যয় হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট করতেই হবে। অন্যথায় ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
প্রশাসনে পরিবর্তন আনার আহ্বান জানালে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান ডা. তাহের। তার ভাষায়, “বর্তমানে প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন। এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “এ নিয়ে আলাদা কোনো আলোচনা না হলেও আমরা মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব সফলভাবে পালন করতে পারে।”