প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলআর গ্লোবালের রিয়াজ ইসলাম শেয়ারবাজারে ‘আজীবন নিষিদ্ধ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

পুঁজিবাজারে বড় ধরনের অনিয়মের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থের অপব্যবহারের অভিযোগে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে আজীবনের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করেছে কমিশন।

একইসঙ্গে এই ঘটনায় যোগসাজশের অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকেও পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বেক্সিমকোর বন্ড অনিয়মের কারণে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার আরেকটি অনিয়মের ঘটনায় দ্বিতীয়বারের মতো একই শাস্তির মুখে পড়লেন শিবলী রুবাইয়াত।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিএসইসি জানায়, এলআর গ্লোবাল বাংলাদেশ ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ বন্ধ কোম্পানি পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে বিনিয়োগের নামে প্রায় ৬৯ কোটি টাকার অপব্যবহার করেছে। কোম্পানিটি লোকসানি ও অচল অবস্থায় থাকলেও চড়া মূল্যে শেয়ার ক্রয় করা হয় এবং পরবর্তীতে কোম্পানির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড রাখা হয়। পরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ৪৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা বিএসইসির মতে ফান্ড ইউনিটধারীদের অর্থের অপচয়।

এই অনিয়মের দায়ে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ৯ কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—
রিয়াজ ইসলাম, রেজাউর রহমান সোহাগ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরীফ আহসান, মদিনা আলী, সৈয়দ কামরুল হুদা, ওমর শোয়েব চৌধুরী এবং বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

সবচেয়ে বেশি ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে বিজিআইসিকে, আর বাকি ব্যক্তিদের প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়। এছাড়া রেজাউর রহমান সোহাগকে অতিরিক্ত ১০ লাখ এবং শরীফ আহসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি আরও জানায়, এই ছয়টি ফান্ডের ব্যবস্থাপনা থেকে এলআর গ্লোবালকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৯০ কোটি টাকা (সুদসহ) ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না এলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, এবং এলআর গ্লোবালের পরিচালক জর্জ এম. স্টক ও রেজাউর রহমান সোহাগকে ১ কোটি টাকা করে জরিমানা করা হবে বলে কমিশন জানিয়েছে।

এই অনিয়মের সঙ্গে জড়িত যে ছয়টি ফান্ড রয়েছে, সেগুলো হলো— এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা