অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে যোগ দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা করে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছান। ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।
জানা গেছে, প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নিয়েছেন।
শিক্ষক নেতারা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন তাদের মূল দাবি। পাশাপাশি এমপিওভুক্তির লক্ষ্যে ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন করার আহ্বান জানান তারা।
অন্য দাবির মধ্যে রয়েছে— অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি, এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
এর আগে সকালে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা ঠেকিয়ে দেয়। এ সময় সেখানে শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে থাকেন। নিরাপত্তার অংশ হিসেবে জলকামান ও রায়ট কার মোতায়েন করা হয়।
ঘটনার কারণে প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকরা অভিযোগ করেন, বছরের পর বছর জাতীয়করণের দাবি জানালেও সরকারের বাস্তব পদক্ষেপ নেই, ফলে তারা চরম অর্থকষ্ট ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
শিক্ষকরা বলেন, প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষার প্রসারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারের অবহেলায় তারা বারবার বঞ্চিত হচ্ছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন না হলে তারা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন কর্মসূচি শুরু করবেন।