প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
বুধবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান নেন। তাদের ব্যানারে লেখা ছিল—
“প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন?”,“সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়?”,“দান অনুদান নয়,সাংবিধানিক অধিকার”,“স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই।”

অবস্থানকারীরা অভিযোগ করেন, বহু বছর ধরে জাতীয়করণের দাবি জানালেও সরকার এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেয়নি। এতে শিক্ষকরা চরম অর্থকষ্ট ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে পাঠদান করছেন। কেউ কেউ সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা সরকারি স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরও জানান, “দীর্ঘদিন ধরে আশ্বাস পেলেও কার্যকর পদক্ষেপ না থাকায় আমরা হতাশ। এবারও যদি জাতীয়করণের ঘোষণা না আসে, তবে অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

শিক্ষকরা জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রশাসনিক কাঠামো ও স্বীকৃতি দ্রুত নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পাবেন এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে ইসলামী শিক্ষার আরও ভালো সমন্বয় ঘটবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা