প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুমের দুই মামলায় আজ আদালতে ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের দুই মামলায় সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আজ বুধবার (২৩ অক্টোবর) আদালতে হাজির করা হচ্ছে। সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত করার কথা রয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ সকাল ৬টার মধ্যেই তাদের আদালতে আনার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো হাজির করা হয়নি। ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে পৌঁছেছেন, আর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি কারওয়ানবাজার, ফার্মগেট ও শাহবাগ এলাকায়ও সেনা টহল জোরদার করা হয়েছে।

গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অনুরোধে গ্রেপ্তারি পরোয়ানার পর সেনাবাহিনী জানায়, বাহিনীতে কর্মরত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন, তবে এলপিআরে থাকা মেজর জেনারেল কবীরকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী ন্যায়বিচারের পক্ষে— No compromise with justice। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে।”

তিনি গুমের শিকার পরিবারগুলোর প্রতি সেনাবাহিনীর সমবেদনা জানান।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্টনমেন্টের এমইএস বিল্ডিং-৫৪ নম্বর ভবনকে সাবজেল ঘোষণা করে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, যদি আজ সেনা কর্মকর্তারা আদালতে উপস্থিত না হন, তাহলে সংবাদপত্রে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হাজির হলে আদালত চাইলে জামিন বা কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন।

সংবিধান বিশেষজ্ঞরা জানান, মানবতাবিরোধী অপরাধের বিচার কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ীই সম্ভব— এটি সংবিধান দ্বারা সুরক্ষিত একটি বিশেষ আইন (Special Law)।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) তথা ‘আয়নাঘর’ এবং র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে ৩৪টি গুমের ঘটনার সঙ্গে জড়িত।
এর মধ্যে টিএফআই সেলে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি রয়েছেন।
তদন্ত প্রতিবেদন আমলে নেওয়ার পর ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা