পর্নোগ্রাফি তৈরির ও প্রচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত দম্পতি আজিম ও বৃষ্টিকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
সিআইডির উপপরিদর্শক মো. মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন, তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি হাজী পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ওই দম্পতি “ফল ব্যবসা করবেন” বলে এলাকায় বাসা ভাড়া নেন। কিন্তু স্থানীয়দের সঙ্গে খুব কমই যোগাযোগ রাখতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, তারা পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। গত ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার অনুসারী রয়েছে। সেই চ্যানেলে তারা নতুন ভিডিওর লিংক ও আয়ের তথ্য শেয়ার করতেন এবং অন্যদেরও একই কাজে উৎসাহ দিতেন।
তদন্তে জানা গেছে, গত এক বছরে আজিম–বৃষ্টি দম্পতির তৈরি ১১২টি ভিডিও প্রকাশিত হয়েছে, যা দেখা হয়েছে প্রায় ২ কোটি ৬৭ লাখ বার।