প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ধাঁচে পরিচালনার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে এখনই প্রয়োজন প্রশাসনকে নিরপেক্ষভাবে গড়ে তোলা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনা করা।”

তিনি আরও বলেন,“আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি— সেক্রেটারিয়েটসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা অতীত সরকারের ফ্যাসিবাদী নীতির সহযোগী ছিলেন, তাদের অপসারণ করে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।”

এ সময় বিএনপির প্রতিনিধি দলে ফখরুলের সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে তারা যমুনা ভবন ত্যাগ করেন।

বিএনপি মহাসচিব বলেন,“আমরা বিচার বিভাগে নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছি। হাইকোর্ট বা আপিল বিভাগে যারা এখনো ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করছেন, তাদের সরিয়ে নিরপেক্ষ বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছি।”

তিনি আরও যোগ করেন,“অন্তর্বর্তী সরকারে যদি কোনও দলীয় ব্যক্তিত্ব থেকে থাকেন, তাকে অপসারণ করে পুরো কাঠামোকে নিরপেক্ষ রাখতে হবে— আমরা এই দাবি জানিয়েছি। এটি ছিল আমাদের আলোচনার মূল বিষয়।”

প্রশ্ন করা হলে ফখরুল জানান, কোনও নির্দিষ্ট উপদেষ্টার নাম বা পদ নিয়ে আলোচনা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা