লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার পরিত্যক্ত বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাদশা দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এর আগে ভোরে যৌথ বাহিনী দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায়।
থানা সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘরের ভেতর থেকে তিন খণ্ডে বিভক্ত একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ওই সময় বাদশা বাড়িতে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী সাংবাদিকদের বলেন,“আমি দীর্ঘ ৩৫ বছর ধরে রাজনীতি করছি, কখনো অপরাধমূলক কাজে জড়িত হইনি। আমার ওই বাড়ি বহুদিন ধরে পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র সেখানে রেখেছে, আমি জানি না। এটি নিছক রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বর্তমানে লক্ষ্মীপুর শহরে পরিবার নিয়ে বসবাস করি।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।”