প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) সারা দিনব্যাপী চালানো এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দেশটির সংসদ নেসেটে এ তথ্য জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু সংসদে বলেন,“আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির প্রস্তাব। কিন্তু শান্তি শুধু শক্তিশালী পক্ষের সঙ্গেই সম্ভব—দুর্বলদের সঙ্গে নয়। আজকের ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।”

হামাস অবশ্য ইসরায়েলি সৈন্যদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, বরং ইসরায়েলই প্রথমে উসকানি দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সোমবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন।

নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, “সাক্ষাতে আঞ্চলিক পরিস্থিতি ও গাজার সাম্প্রতিক হামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

এছাড়া, কয়েক দিনের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী ইসরায়েল সফরে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

এর আগে রোববার গাজায় হামাস যোদ্ধাদের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রে দুই ইসরায়েলি সেনা নিহত হন। এরপর ইসরায়েল ত্রাণ ও খাদ্য সরবরাহ বন্ধের নির্দেশ দেয়, যদিও ২৪ ঘণ্টার মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

রোববার রাতের বিমান হামলায় গাজার বিভিন্ন স্থাপনা ও আবাসিক ভবন ধ্বংস হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত নারী ও শিশু রয়েছে ৮ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা