প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জবি ছাত্রদল নেতা জোবায়েদের জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া (কৃষ্ণপুর) স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র এবং স্থানীয় জনসাধারণসহ সহস্রাধিক মুসল্লি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে জোবায়েদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। আশপাশের গ্রাম থেকে শত শত নারী-পুরুষ তার মরদেহ এক নজর দেখতে ছুটে আসেন।

নিহতের মা মাফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কত স্নেহে বড় করেছি, পড়াশোনা করিয়েছি—সে কী দোষ করেছিল? কেন খুন করা হলো আমার সন্তানকে?”

চাচা আক্তার হোসেন বলেন, “রোববার প্রেসক্লাবে বসে ছিলাম, হঠাৎ ফোনে শুনি আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। মিটফোর্ড হাসপাতাল থেকে মরদেহ নিতে গিয়ে নিজেকে সামলাতে পারিনি। এখনো বিশ্বাস হচ্ছে না—আমাদের প্রিয় জোবায়েদ আর নেই।”

নিহত জোবায়েদ হোসেন কলাগাছিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জবির পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দেখে পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা