বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “জুলাই-আগস্টের আন্দোলন হঠাৎ শুরু হয়নি, বরং এটি একটি আদর্শিক জাগরণের ফল। আমরা অন্যায় ও জুলুমকে কখনোই মেনে নেব না।”
সোমবার (২০ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত উপশাখা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের শাসন চলেছে। এই সময় বহু আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে, সমাজের সৎ ও আদর্শবান মানুষদের টার্গেট করে নিপীড়ন চালানো হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও বিচারিক হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “জুলাই ও আগস্টের হত্যাযজ্ঞ ছিল ভয়াবহ। শিশু, নারী, পুরুষ—কেউ রেহাই পায়নি। কিন্তু এই আন্দোলন ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, যা কোনো ব্যক্তির নয়, বরং একটি আদর্শের প্রতিফলন।”
তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি সদস্যকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে। এই আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিটি শিক্ষার্থীকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।”
সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, “ডাকসু, রাকসু, চাকসুসহ বিভিন্ন নির্বাচনে আমরা বিজয় অর্জন করেছি—এটি আল্লাহর অনুগ্রহ। আমরা বিজয়কে উল্লাস নয়, বরং নীতির আলোকে উদযাপন করি। এটি ছাত্রসমাজের জন্য একটি বার্তা—ন্যায়, ইনসাফ ও আদর্শের পথেই টেকসই বাংলাদেশ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শিবির সভাপতি ইমরান হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান ও জেলা সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।