প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে অস্থিতিশীলতা তৈরির পেছনে ‘কালো হাত’ কাজ করছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে জনগণের মনে গভীর শঙ্কা ও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এগুলো নিছক দুর্ঘটনা নয়—বরং একটি বড় ধরনের পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হতে পারে। দেশকে অস্থিতিশীল করে আন্তর্জাতিকভাবে ‘হাসিনাবিহীন বাংলাদেশ টিকছে না’—এমন বার্তা দিতে দেশি-বিদেশি চক্র সক্রিয় রয়েছে।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রিজভী বলেন, “নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে এটি গণতন্ত্রের জ্বালানি। গাড়িতে ইঞ্জিন থাকলেও তেল ছাড়া যেমন চলে না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্রও টিকে না।”

তিনি আরও বলেন, “আমরা একসময় ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছিলাম। কিন্তু আজ মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও নিরাপদ জীবনের নিশ্চয়তা কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেগুলো জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।”

জামায়াতের সেক্রেটারির সনদ বাতিল প্রসঙ্গে রিজভী বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের দ্বিচারিতা আরও স্পষ্ট হলো। তারা যেকোনো মুহূর্তে নিজেদের অবস্থান বদলে জনগণকে বিভ্রান্ত করছে।”

আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ পিআর বোঝে না, আমরাও না। হঠাৎ এখন পিআর-পিআর করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভোটাররা নিজের পছন্দমতো প্রার্থীকে চিনে ভোট দিতে চায়—এটাই গণতন্ত্র। আনুপাতিক নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা, যা তারা কখনোই মেনে নেবে না।”

এ সময় বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, অধ্যাপক সেলিম ভূঁইয়া, আতিকুর রহমান রুমান, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আশিকুর রহমান ওয়াসিম, কামরুল হুদা, জসিম উদ্দিন ও উদবাতুল বারী আবুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা