প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

 জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় সিসি ক্যামেরার ফুটেজে রহস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যা ঘটনায় নতুন মোড় নিয়েছে। হত্যার পর পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দুই তরুণকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, এই দুইজনের একজনই প্রেমিক মাহির রহমান, যিনি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী স্বীকার করেছেন— মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে তার দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বোরহানউদ্দিন কলেজের ছাত্র, আর মেয়েটি ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী। পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠায় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। মেয়েটি মাহিরকে জানায়, সে জুবায়েদকে পছন্দ করে। তবে জুবায়েদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না। এতে ক্ষোভে ফেটে পড়ে মাহির। ধারণা করা হচ্ছে, সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে।

ওসি বলেন,“সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই তরুণ দ্রুত দৌড়ে ভবন থেকে বেরিয়ে যাচ্ছে। একজনের গায়ে কালো টি-শার্ট, অন্যজনের গায়ে গোলাপি টি-শার্ট। ফুটেজটি অস্পষ্ট হওয়ায় তাদের মুখ পুরোপুরি চেনা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এদের একজন মাহির।

তিনি আরও জানান,“আটক ছাত্রীকে জিজ্ঞাসাবাদে কোনো নার্ভাসনেস বা অনুশোচনার চিহ্ন পাওয়া যায়নি। বরং তাকে শান্ত ও স্থির দেখা গেছে।”

জুবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

গত রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের রৌশান ভিলায় ওই ছাত্রীকে পড়াতে যান। সেখানে তিনতলায় তাকে খুন করা হয়।

নিচ তলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশ পরে লাশ উদ্ধার করে মিটফোর্ট হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পরপরই শিক্ষার্থী ও স্থানীয়রা ভবনটি ঘিরে ফেলেন। পরে লালবাগ বিভাগের ডিসি ও এসিসহ বংশাল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।

এদিন রাতে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

জুবায়েদের পরিবার ৬ জনকে আসামি করে মামলা করার প্রস্তুতি নিয়েছে— অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্রী, তার বাবা-মা, মামা, প্রেমিক মাহির রহমান এবং তার এক বন্ধু।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা