প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানো ও রাজনীতি নিষিদ্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই রিটে এসব শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারিরও অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।
রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, এবং অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই রিটের শুনানি হতে পারে।

রিটকারী আরিফুর রহমান বলেন, “রিটে আমরা চেয়েছি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে স্পষ্ট প্রজ্ঞাপন জারি করতে। পাশাপাশি শিক্ষকদের যাতে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে না পারেন— সে বিষয়ে আদালতের নির্দেশনা কামনা করেছি।”

এর আগে সরকারের অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাতা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর ভাতা বৃদ্ধি হবে ১২ শতাংশেরও বেশি।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ব্যাখ্যায় বলা হয়, বাড়িভাড়ার নতুন কাঠামো শিক্ষকদের আর্থিক স্বস্তি আনবে এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা