প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘কুমির রুবেল’ গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরের ত্রাস দুধর্ষ সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) মাদারীপুর জেলার ডাসার থানার একটি এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ ও র‌্যাব-৮। রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি তিনি। 

শনিবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাবের দুটি ব্যাটালিয়নের যৌথ দল এ অভিযান পরিচালনা করে বলে জানায় র‌্যাব-২।

‎গত ১০ সেপ্টেম্বর আদাবর ১০ নম্বর এলাকার বালুর মাঠের বস্তির একটি বাসায় সন্ত্রাসীরা রিপন নামে এক চা দোকানীসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় স্থানীয়রা রিপন মিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এরপর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে রুবেল ওরফে কুমির রুবেলকে গ্রেপ্তার করে।

‎এ ঘটনায় স্থানীয় ও মামলার এজহার সূত্রে জানা যায়, বস্তির পাশে নিহত রিপনের চায়ের দোকান ছিল। সঙ্গে বস্তির ম্যানেজারের দায়িত্ব পালন করতেন তিনি। রুবেল ওরফে কুমির রুবেলসহ তার কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা তার দোকানে বাকি খেতো। পাশাপাশি চক্রের সদস্যরা বস্তি ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করতো। বিষয়টি নিয়ে রিপন তাদেরকে বাকি দিবে না বলে জানায় এবং তাদের মাদক বিক্রি করতে নিষেধ করে। এতে তার ওপর ক্ষিপ্ত হয়ে ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪ টায় তার বাসায় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে প্রবেশ করে রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী-সন্তানকেও কোপায় সন্ত্রাসীরা। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

আশেপাশের লোকজন এসে রিপন হোসেনসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

‎র‍্যাব-২ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান বলেছেন, রুবেল ওরফে কুমির রুবেলকে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অন্যান্য আসামীদের তথ্য জোগাড় করা হচ্ছে। আমরা বাকি আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা