জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মিত কাঠের একটি সাঁকোতে গ্রামবাসীর দুই শত বছরের কষ্ট অবশেষে শেষ হলো। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই সাঁকো। দীর্ঘদিন ধরে নদী পারাপারে নৌকার ওপর নির্ভরশীল মানুষের জীবনে এসেছে স্বস্তি।
শনিবার (১৮ অক্টোবর) উপজেলার মধ্য বাজার খেয়াঘাট এলাকায় সাঁকোটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, জনগণের কষ্ট লাঘব করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই সাঁকো কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং মানুষের কল্যাণে আমাদের সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশ।
স্থানীয় আব্দুল কুদ্দুস ছৈয়াল বলেন, “আমরা ছোটবেলা থেকে নৌকা দিয়ে পার হতাম। এখন হেঁটেই পার হব এইটা আমাদের জন্য আনন্দ। কখনো চিন্তা করিনি এখানে সাঁকো বা ব্রিজ হবে।”
উদ্বোধন শেষে প্রধান অতিথি আজহারুল ইসলাম বলেন, জনগণের দোয়া ও সহযোগিতায় আমরা সবসময় মানবসেবায় নিয়োজিত থাকতে চাই। ডামুড্যার মানুষ দীর্ঘদিন ধরে সাঁকো না থাকায় যাতায়াত সমস্যায় ভুগছিলেন। এই সাঁকো নির্মাণ আমাদের একটি ছোট প্রচেষ্টা মাত্র। আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি। জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি একটি মানবকল্যাণমূলক আন্দোলন। জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
ডামুড্যা পৌরসভা আমীর আতিকুর রহমান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মো: কবির হোসেন, উপজেলা সূরা সদস্য ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী কাজী ইলিয়াছ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বি.এম মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।