প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যা বললেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী ও অন্যান্য সংস্থাও অগ্নিনির্বাপণের কাজে অংশ নিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত একাধিক সংস্থা মাঠে নামে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এক অডিও বার্তায় জানান, “শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আমাদের নিজস্ব ফায়ার ইউনিটসহ বিমানবাহিনীর ইউনিট ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব— আমরা এখন একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। এই মুহূর্তে ফোন দিয়ে আমাদের কাজে বিঘ্ন না ঘটিয়ে সহযোগিতা করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সবাইকে বিস্তারিত জানানো হবে।”

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আপাতত ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘন ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায় এবং আগুন পাশের গুদামগুলোতেও ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা