শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগে তীব্র ধোঁয়া সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট, বিমানবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এয়ারপোর্ট সিকিউরিটি ইউনিট ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া চারপাশে ছড়িয়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অনেক কর্মী এবং উপস্থিতরা নিরাপদ স্থানে চলে যান।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস ও বেসরকারি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে কার্গো ভিলেজের প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে।