শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। এ ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সিভিল অ্যাভিয়েশন এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট আগুন নেভাতে উপস্থিত হয়। পরে আরও ১৬টি ইউনিট সহায়তায় যোগ দেয় এবং কিছু ইউনিট রাস্তায় রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।”