প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষকদের দাবিতে আজই সিদ্ধান্ত নিন: সরকারের প্রতি রাশেদ খানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

শিক্ষকদের ন্যায্য দাবি আজকের মধ্যেই মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন,‘শিক্ষকদের কষ্ট আর সহ্য করা যায় না। যারা দুর্নীতি করে তারা সরকারঘনিষ্ঠ আমলা ও প্রভাবশালী মহল। অথচ শিক্ষকরা ন্যায্য পাওনা চেয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন — এটা লজ্জাজনক।’

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কদম ফোয়ারা এলাকায় অনুষ্ঠিত শিক্ষকদের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন,‘শিক্ষকদের সঙ্গে প্রতারণা চলতে পারে না। আজকের মধ্যেই সরকারকে তাদের দাবি পূরণ করতে হবে। শিক্ষকদের সঙ্গে ফাঁকি দেওয়া বা সময়ক্ষেপণ করা হলে আমরা চুপ থাকব না।’

তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা শিক্ষা কমিশন কেন গঠন করছেন না? শিক্ষকদের পরিবারে কেউ দুর্নীতি করে না, অপরাধে জড়ায় না — অথচ তারাই আজ আন্দোলন করছেন তাদের প্রাপ্যের জন্য!’

এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন,‘শিক্ষকদের মুখের দিকে তাকান, তাদের সন্তানদের কথা ভাবুন। তারা এই জাতির ভবিষ্যৎ তৈরি করেন — তাদের দাবি অযৌক্তিক নয়, বরং ন্যায্য।’

বেতন-ভাতা বৃদ্ধি, বাড়িভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শনিবার সকালে এমপিওভুক্ত শিক্ষকরা কালো পতাকা মিছিল করেন। শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি কদম ফোয়ারায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। পরে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অনশন কর্মসূচি অব্যাহত রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা