প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরপুরে ফাঁকা গ্যালারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাদা বলের লড়াই শুরু হলেও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে দর্শক খরার চিত্র।

দুপুর দেড়টায় ম্যাচ শুরু হওয়ার পরও গ্যালারির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় ফাঁকা। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমর্থকদের আগ্রহ কিছুটা কমে গেছে।

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, সিরিজের প্রথম ম্যাচেই দর্শক উপস্থিতির বিচার করা ঠিক হবে না, কারণ সময় এবং সপ্তাহের দিনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তিন ম্যাচের পুরো ওয়ানডে সিরিজই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুটা হয়েছে বেশ হতাশাজনকভাবে। দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার প্যাভিলিয়নে ফিরে যান।

রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাইফ হাসান ফেরেন মাত্র ৩ রানে, আর জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন সৌম্য সরকার (৬ বলে ৪)।

গ্যালারিতে দর্শকসংখ্যা দুই হাজারেরও নিচে থাকায় ‘হোম অব ক্রিকেট’-এর পরিচিত কোলাহল যেন হারিয়ে গেছে। মাঠের চারপাশে নেই আগের মতো তাড়াহুড়ো বা উল্লাস। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভালো পারফরম্যান্সই ফিরিয়ে আনতে পারে সেই পুরনো উত্তেজনা ও দর্শকদের উপস্থিতি।

আফগানিস্তান সিরিজে ব্যর্থতার পর থেকে সমালোচনার মুখে থাকা খেলোয়াড়দের সামনে তাই আজকের ম্যাচটি কেবল প্রতিপক্ষকে নয়, বরং নিজেদের আত্মবিশ্বাস ও দর্শকদের হৃদয় পুনরুদ্ধারের লড়াইও।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা