প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মিরাজরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের তেতো অভিজ্ঞতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ থেকে নতুন অভিযানে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। টসে হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

আফগানিস্তান সিরিজে পরাজয়ের পর দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন পেয়েছেন ওয়ানডে অভিষেকের সুযোগ, তাকে ক্যাপ পরিয়েছেন সাইফ হাসান। দীর্ঘ বিরতির পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী, জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানার।

দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে ফিরেছেন দুই অভিজ্ঞ তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজও সাজিয়েছে ভারসাম্যপূর্ণ একাদশ, যেখানে তিনজন করে পেসার ও স্পিনার রেখেছেন অধিনায়ক শাই হোপ।

ওয়ানডে ফরম্যাটে বরাবরই তুলনামূলক আত্মবিশ্বাসী বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্তে আটকে গেছে। শেষ ১২ ম্যাচের ১১টিতেই পরাজয়ের মুখ দেখেছে টাইগাররা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এখন ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য দলের।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা