প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই সনদে ঐক্য ‘ঐতিহাসিক মুহূর্ত’—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানকে বাংলাদেশের রাজনীতিতে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকের দিনটি প্রমাণ করেছে—জাতির প্রয়োজনে সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করতে পারে।”

তিনি মনে করেন, এই সনদ স্বাক্ষরের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ফখরুল বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলো যে দায়িত্বশীল, সেটারই আরেকটি প্রমাণ আজ পাওয়া গেল।”

তবে কিছু রাজনৈতিক দল এখনো এতে স্বাক্ষর করেনি। এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, “যেসব দল এখনো সই করেনি, তারা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই যুক্ত হবে। আমরা চাই সবাই মিলে দেশের স্বার্থে কাজ করুক।”

জাতীয় নাগরিক পার্টির অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ওদের না থাকা আসলে ভুল বোঝাবুঝির ফল। আলোচনায় তারা প্রায় সব বিষয়ে ইতিবাচক ছিল। কিছু ছোটখাটো বিষয় ছিল যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব ছিল। আমি বিশ্বাস করি, তারা শেষ পর্যন্ত সই করবে।”

এটিকে বিভক্তি নয় বরং একটি সাময়িক মতভেদ বলে মনে করেন মির্জা ফখরুল। তাঁর ভাষায়, “তারা বিষয়টা বুঝতে পারবে এবং সঠিক জায়গায় এসে দাঁড়াবে।”

বিতর্কের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন তিনি। “বিতর্ক তো সব সময়ই থাকবে—এটা রাজনীতিরই অংশ। কিন্তু সবকিছুর মধ্যেও যা হয়েছে, তা একটি বড় অর্জন,” বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও জানান, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সামনে আরও আলোচনা হবে, যেখানে সব দলের মতামত গুরুত্ব পাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা