প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাকসু নির্বাচনে শিবিরের দাপট: ২৩ পদের মধ্যে ২০টিতেই জয় 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়ে রাকসুতে একপ্রকার আধিপত্য প্রতিষ্ঠা করেছে সংগঠনটি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে এস এম সালমান সাব্বির এবং জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। অর্থাৎ শীর্ষ তিন পদের মধ্যে দুটি দখল করেছে শিবির সমর্থিত প্যানেল।

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, এবং শিবির প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে।

রাকসুর অন্যান্য পদেও সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরাই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। সাংগঠনিক ও সম্পাদকীয় প্রায় সব পদে জোটের প্রার্থীরা এগিয়ে থেকে জয় ছিনিয়ে নিয়েছেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন, এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে রাকসুর ২৩টি পদে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ৫৯৭ জন প্রার্থী লড়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিবিরের এমন বিপুল জয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা