চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টানা ১৭টি ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনো ধোঁয়া ও তাপের কারণে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে অংশ নেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ৮তলা ভবনের ৭ম তলায় সূত্রপাত হয়। ভবনটিতে অবস্থিত দুটি প্রতিষ্ঠান হলো — অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি।
সাততলায় থাকা অ্যাডামস ক্যাপ (যেখানে টাওয়েল ও ক্যাপ তৈরি হয়) এবং জিহং মেডিকেল কোম্পানির (সার্জিকেল গাউন ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী) গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সন্ধ্যার পর পুরো ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে, এবং কয়েকশ মিটার দূর থেকেও এর তাপ অনুভূত হচ্ছিল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান,“সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আমাদের ইউনিটগুলো এখনো কাজ করছে। সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”