প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাকসু নির্বাচন: চার হলের ফলাফল :ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চারটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত মেয়েদের চারটি হল — মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া ও বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

ফলাফলে দেখা গেছে,ভিপি পদে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ চার হল মিলিয়ে পেয়েছেন ২,৬৮২ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ৭২০ ভোট।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ২,২৬২ ভোট, আর শিবির প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ১,৪২১ ভোট।

এজিএস পদে শিবিরের সালমান সাব্বির এগিয়ে রয়েছেন ১,৪২২ ভোটে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১,০৪৫ ভোট।

 

রাত পৌনে ১টা পর্যন্ত আর কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭টি।

 

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। তিনি জানান, “গণনা সন্ধ্যা ছয়টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু বিলম্ব হওয়ায় ঘোষণা দেরিতে হচ্ছে। আশা করছি ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা