রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত মন্নুজান, রোকেয়া ও তাপসী রাবেয়া হলের মতো এ হলেও শীর্ষ তিন পদে ছাত্রদল সমর্থিত প্যানেল পিছিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়,ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট, আর ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৩৫২ ভোট, এবং ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত এস. এম. সালমান সাব্বির পেয়েছেন ২৭৮ ভোট, আর ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।
এর আগে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয় ব্যালট বাক্সগুলো এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় ভোট গণনা।
এবারের রাকসু নির্বাচনে মোট ২৮,৯০১ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনের ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটারের মধ্যে ৩৯.১০ শতাংশ নারী এবং ৬০.৯০ শতাংশ পুরুষ।